‘তাণ্ডব’ সিনেমার গান ‘লিচুর বাগানে’ মুক্তির পর একেবারে তাণ্ডবই চলছে সামাজিক মাধ্যমে! কফিশপ হতে মেট্রোরেল—যেদিকেই কান পাতো, শোনা যাচ্ছে পরিচিত সুর: “কে দিল পিরিতের বেড়া, লিচুরও বাগানে?”
এমনকি বন্ধুরা একে অপরকে ঠাট্টা করেও জিজ্ঞেস করছে, "বেড়া ডিঙাতে পারলি তো?" অথবা, "বল না রে ভাই, লিচুর বাগানে বেড়া দিতে হয় কেন?”
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মিলেছে লোকসঙ্গীতের রঙিন ইতিহাস। কেউ বলেন, গানের স্রষ্টা ছত্তার পাগলা; কেউ বলেন, এটি ঘেটু গানের টুকরো। তবে যাঁই লিখে থাকুন না কেন, গানটি যেন গ্রামীণ বাংলার প্রেম, হাওয়ার ছোঁয়া আর মাটির গন্ধ মিশিয়ে তৈরি এক রসালো লিচু—যেটা পাখি না খাক, "বন্দে খাইবো!"
‘পিরিতের বেড়া’ মানে হয়তো ভালোবাসায় বাঁধা। আর সেই বেড়া যদি হয় লিচুর বাগানে, তবে কি বোঝায় — প্রেম মানেই রসে টইটম্বুর এক মধুর প্রতীক্ষা, যেটাতে পৌছতে গেলে ডিঙোতে হয় অনুভবের কাঁটাতার?
সব মিলিয়ে গানটা শুধু সুর আর দৃশ্য নয়, একটা সংস্কৃতি, একটা গল্প, আর "পিরিতের বেড়া"-তে ঘেরা এক হৃদয়ের বাগান — যেখানে প্রেমের পাহারাদার হয় লিচু!
